১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে আবাসিক এলাকায় অনিয়ন্ত্রিত ট্রাক চলাচল বন্ধে আইনি নোটিশ

নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের আহ্বায়ক আইনজীবী ও সাংবাদিক মোস্তফা করিম এ নোটিশ দেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 07:39 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

নারায়ণগঞ্জ শহরের আবাসিক এলাকায় অনিয়ন্ত্রিত ট্রাক চলাচল, শব্দ দূষণ ও জনদুর্ভোগ বন্ধে স্থানীয় ব্যবসায়ীদের আইনি নোটিশ দিয়েছেন পরিবেশবাদী সংগঠনের এক নেতা। 

রোববার দুপুরে নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের আহ্বায়ক আইনজীবী ও সাংবাদিক মোস্তফা করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

তিনি বলেন, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে। যা আগামী সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। 

তার পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ হাফিজ মোল্লা। 

নোটিশে বলা হয়, শহরের থানা পুকুর পাড়, টানবাজারসহ আশপাশের আবাসিক এলাকায় দিনরাত নির্বিচারে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল, মালামাল লোড-আনলোড এবং অতিরিক্ত শব্দ দূষণের কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। 

এতে বলা হয়, প্রশাসনের নির্ধারিত সময় অমান্য করে রাতভর ট্রাক চলাচল, আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রম এবং শ্রমিকদের উচ্চ শব্দে চিৎকার-চেঁচামেচির ফলে শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে, যা বিদ্যমান আইন ও জনস্বার্থের পরিপন্থি। 

নোটিশে সাত দিনের মধ্যে রাত ৮টার পর ট্রাক চলাচল বন্ধ, আবাসিক এলাকা থেকে লোড-আনলোড কার্যক্রম সরিয়ে নেওয়া, শব্দ দূষণ নিয়ন্ত্রণে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার লিখিত নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

কার্যকর ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের, পরিবেশ আদালতে অভিযোগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আবেদন এবং ক্ষতিপূরণ দাবিসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। 

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আবাসিক পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে বলেছেন মোস্তফা করিম।