১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নজরুলের জন্মজয়ন্তীতে সিলেটে শ্রদ্ধা নিবেদন

আয়োজকেরা বলেন, নজরুলের বিদ্রোহী চেতনা, সাম্য ও মানবতার আদর্শ ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 08:38 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

সিলেটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার সকালে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামের অস্থায়ী বেদিতে সিলেট নজরুল পরিষদের উদ্যোগে এ কর্মসূচি করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন হয় ছন্দ নৃত্যালয়ের পরিবেশনায় উদ্বোধনী নৃত্যের মাধ্যমে। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সিলেট নজরুল পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু। সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস টুকু।

আয়োজকেরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য ও মানবতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ধারাবাহিকভাবে প্রতি বছর নজরুল জন্মোৎসব উদযাপন করা হয়। এ বছরও ঈদুল আজহার পর দিনব্যাপী আয়োজন করা হবে।

অনুষ্ঠানে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

এতে অংশ নেয় সিলেট নজরুল পরিষদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ (সিলেট বিভাগ), জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত নাট্য পরিষদ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, সিলেট জেলা, সিলেট ললিতকলা একাডেমি, গীতবিতান বাংলাদেশ, সুর ও বাণী, কথাকলি সিলেট, নৃত্যশৈলী, শ্রুতি সিলেট, ছন্দ নৃত্যালয়, জাসাস সিলেট জেলা, দ্বৈতস্বর সিলেট, সিলেট আর্টস কলেজ ও পাঠশালা সিলেট।