১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের লক্ষ্য ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নেওয়া: শফিকুর রহমান

“আমরা জামায়াতে ইসলামের বিজয় চাচ্ছি না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় দেখতে যাচ্ছি।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 02:34 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। 

তিনি বলেছেন, “আমরা দলের ভেতরে অন্য কোনো দলকে হজম করার নীতিতে বিশ্বাস করি না। তাই আমরা সকল দলের প্রতি সম্মান রেখে ১১টি দল যার যার প্রতীকে নির্বাচনে অবতীর্ণ হয়েছি। 

“আর আমরা ঘোষণা দিয়েছি প্রতীক যেখানে যেটা বসবে ওটাই আমাদের সবার প্রতীক। আমরা এভাবেই একটি ঐক্যের বার্তা জাতিকে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা কথা দিচ্ছি আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে। এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ তায়ালা যদি আমাদেরকে সফলতা দেন… আমরা যদি… বিজয়ী হয়েই আমরা তাদেরকেও বলব, আসেন আপনারাও অবদান রাখেন।”

শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং ১৩ তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন দেখতে চাচ্ছে। ১৩ তারিখ থেকে যে পরিবর্তন আসবে তা আসবে যুব সমাজ ও মায়েদের নিরাপত্তার উপর ভর করে।”

তিনি বলেন, “আমরা আর কোনো আধিপত্যবাদকে মানবো না, ফ্যাসিবাদকে দেখতে চাই না। আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এ দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।”

শফিকুর বলেন, “আমরা দলীয় কোনো শাসনে এ দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামায়াতে ইসলামের বিজয় চাচ্ছি না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় দেখতে যাচ্ছি। ১৮ কোটি মানুষের বিজয় হবে ১১ দলীয় ঐক্য জোটের বিজয়।”

তিনি আরও বলেন, “আমরা বলেছি চাঁদাবাজি সহ যত দুর্নীতির জট আছে তা কেটে দিতে চাই। এক সময় আপনারাও মজলুম ছিলেন কেন জালিম হতে গেলেন। আমরা আশা করবো তারা সংশোধন হবে।”

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা-১১ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসম, আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম।

১১ দলীয় ঐক্য আয়োজনে শুক্রবার ও শনিবার কুমিল্লা জেলায় চারটি নির্বাচনি সভায় অংশ নিচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির। এসব সভায় তিনি ঐক্যর প্রার্থীদের হাতে দলের প্রতীক তুলে দেন। সভায় উপস্থিত মানুষের কাছে ভোট চান।