১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কম্বল বিতরণ করায় শোকজ নোটিস: শুনানিতে অব্যাহতি পেলেন বিএনপি প্রার্থী

“বিচারক অনিন্দ্য ইসলাম অমিতের মৌখিক ও লিখিত বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছেন।”

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 04:03 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর-৩ আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

রোববার যশোর-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সিভিল জজ মো. মাসুদ রানার আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।  

অনিন্দ্যোর আইনজীবী দেবাশীষ দাস জানান, শুনানিতে তার লিখিত ও মৌখিক বক্তব্যে ‘সন্তোষ’ প্রকাশ করে বিচারক অভিযোগ খারিজ করেছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত গত ৪ ও ৫ জানুয়ারি জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সেখানে তিনি দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন।

ওই অনুষ্ঠানে কম্বল বিতরণের কারণে বুধবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সিভিল জর্জ মো. মাসুদ রানা স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিস দেওয়া হয় বিএনপির যশোর-৩ আসনের এই প্রার্থীকে।

নোটিশে ১১ জানুয়ারি রোববার সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

অনিন্দ্যের আইনজীবী দেবাশীষ দাস বলেন, “বেলা ১১টায় অনিন্দ্য ইসলাম যশোর-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সিভিল জর্জ মো. মাসুদ রানার আদালতে সশরীরে হাজির হন।

“পরে তিনি লিখিত ও মৌখিকভাবে জবাব দেন। এ সময় বিচারক তার বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করে অভিযোগ থেকে অব্যাহতি দেন।”

শুনানির সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুরসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “বিচারক অনিন্দ্য ইসলাম অমিতের অমিতের মৌখিক ও লিখিত বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নির্বাচনি আচরণবিধি সম্পর্কে আরও যত্নবান থাকার আহ্বান জানিয়েছেন।”

এ ছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা হয়েছে বলেও সাবু জানান।

নোটিস পাওয়ার কথা জানিয়ে বৃহস্পতিবার অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “গত ৪ ও ৫ জানুয়ারি উল্লিখিত দুটি কর্মসূচি আমার ব্যক্তিগত উদ্যোগে নয়। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত হয় এবং তা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়।

“আমি অনুষ্ঠানের অতিথি হিসেবে তা শীতার্থ মানুষের হাতে তুলে দিয়েছি।”