Published : 09 Jun 2026, 02:46 PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে গুলি করে গুরুতর জখম করেছে সিএনজিচালিত অটোরিকশায় আসা চার-পাঁচ যুবক।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ারপুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান।
আহত ফারুক হোসেন (২৭) শরিফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
চার মিনিট ৪২ সেকেন্ড দীর্ঘ ভিডিওতে দেখা যায়, সকালে শরীফপুর ও হাজিপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় একটি চা দোকানের সামনে ছিলেন ফারুকসহ দুতিনজন।
অটোরিকশায় চার-পাঁচজন যুবক সেখানে পৌঁছে অস্ত্র হাতে নেমে ফারুককে মারতে-মারতে টেনে হিচড়ে অটোরিকশায় তোলার চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

ফারুককে অটোরিকশায় ওঠাতে না পেরে এক পর্যায়ে তারা ফারুককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে, পরে সড়কে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় ফারুককে সড়কে কিছুক্ষণ পড়ে থেকে কাতরাতে দেখা যায় ভিডিওতে।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ফারুককে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী বলেন, সকালে তলপেট ও হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় ফারুক হোসেনকে জরুরি বিভাগের আনার পর তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থার আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
ওসি শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী দল এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।