০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে বজ্রপাতে ট্রলার থেকে মেঘনায় পড়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

রোববার ভোরে দুর্গাপুর এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 01:03 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

বরিশালের হিজলা উপজেলায় ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে ট্রলার থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করা রয়েছে।

হিজলা নৌ-পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, রোববার ভোর সাড়ে ৬টার দিকে দুর্গাপুর এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন তারা। 

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।  

মৃত অপু সিকদার (৩৮) হিজলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর এলাকার বাসিন্দা বাবুল সিকদারের ছেলে।

পরিদর্শক গৌতম মণ্ডল বলেন, “ঢাকা থেকে ট্রলারে করে সিমেন্ট নিয়ে চারজন হিজলার হরিনাথপুরে উদ্দেশ্যে রওনা দেয়। পথে দুর্গাপুর এলাকায় ট্রলারটি ঝড়বৃষ্টির কবলে পড়ে। এক পর্যায়ে ট্রলারে বজ্রপাত হয়।

“তখন অপু সিকদার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ এবং বজ্রপাতে ট্রলারে থাকা আরও দুজন আহত হন।”

আহতরা হলেন- হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিম সিকদারের ছেলে মো. আলমগীর হোসেন (৩০) ও কুটুমপাড়া এলাকার নুরুজ্জামান মাঝির ছেলে সিদ্দিক মাঝি (৪৫)। 

তাদের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক গৌতম বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।