চুয়াডাঙ্গায় তামাক ক্ষেতে নারীর লাশ, ‘ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা’ বলছে স্বজনরা
বিকালে গ্রামের মাঠে ঘাস কাটতে গিয়ে নিখোঁজের পর রাতে তামাক ক্ষেতে স্বামী পরিত্যক্তা ওই নারীর রক্তাক্ত লাশ পাওয়া যায়।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তামাক ক্ষেত থেকে স্বামী পরিত্যক্তা এক নারীর রক্তাক্ত লাশ পাওয়া গেছে; যাকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার একটি গ্রাম থেকে ৪৫ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানান দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ওই নারী গ্রামের মাঠে ঘাস কাটতে যান। ইফতারের সময় হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে একটি তামাক ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, “নারীর স্বজনরা বলছে, ধর্ষণ পর অথবা ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”
