Published : 09 Jun 2026, 04:40 PM
জামালপুর সীমান্তে দিয়ে ১৮ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
সোমবার মধ্যরাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় পুশইনের চেষ্টা করে বলে জানিয়েছেন জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যানন্ট কর্নেল হাসানুর রহমান জনিয়েছেন।
বিজিবি জানায়, গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। এই উত্তেজনার মধ্যেই সোমবার রাতে সীমান্তসংলগ্ন কুমারেরচর এলাকা দিয়ে বিএসএফ সার্চলাইট বন্ধ করে ১৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তবে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে জামালপুর সীমান্তে উত্তেজনা দেখা দেয়। এ সময় স্থানীয়রা লাঠিসোঁঠা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় অবস্থান নেন। পরিস্থিতির কারণে সীমান্তসংলগ্ন জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে রোববার রাতে বড়াইবাড়ী সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টাও ব্যর্থ হয়।
এদিকে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে ১৫টি বিওপির সদস্যরা দিনরাত টহল জোরদার করেছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
বিজিবির পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও রাতভর সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে থেকে সহযোগিতা করছেন।
স্থানীয় জহুরুল হক বলেন, “কয়েকদিন থেকে ভারত থেকে আমাদের দেশে মানুষ ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বিজিবির সঙ্গে আছি, যাতে ভারতের কোন লোক আমাদের বাংলাদেশে না ঢুকতে পারে।”
আমিনুর ইসলাম নামে আরেকজন বলেন, “বিজিবির সঙ্গে এলাকাবাসীও রাতদিন সতর্ক অবস্থানে আছি। গ্রামের সবাই বিজিবিকে সহায়তা করছি। আমরা কোন ভাবেই ভারতের মানুষকে বাংলাদেশে ঢুকতে দিবো না।”