লাকসামে ইঞ্জিন লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর ছেড়ে গেল মেঘনা এক্সপ্রস
ইঞ্জিন চট্টগ্রামমুখী করার জন্য পকেট লাইনে শান্টিং করতে গিয়ে সবগুলো চাকা লাইনচ্যুত হয়।
কুমিল্লার লাকসাম উপজেলায় চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে লাকসাম রেলওয়ে জংশনের কেবিন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া জানান।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে বিকল্প ইঞ্জিনে প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
ওমর ফারুক বলেন, “চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে লাকসাম রেলওয়ে জংশন এসে যাত্রাবিরতি করে। পৌনে ৭টায় ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ইঞ্জিন চট্টগ্রামমুখী করার জন্য পকেট লাইনে শান্টিং করতে গিয়ে ৬টা ৪৮মিনিটে ইঞ্জিনের সবগুলো চাকা লাইনচ্যুত হয়ে পকেট লাইনের শেষ মাথায় গিয়ে পড়ে যায়।”
খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ইঞ্জিনটি উদ্ধারের জন্য আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন আসে। প্রায় আড়াই ঘণ্টা পর মেঘনা এক্সপ্রেস সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানান কেবিন মাস্টার।
