বরিশালে হিজড়াদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৫
নির্ধারিত এলাকার বাইরে গিয়ে টাকা তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে।
নির্ধারিত এলাকার বাইরে গিয়ে টাকা তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হিজড়াদের দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম জানান।
আহতদের মধ্যে রিনা, শাহীনুর, ফিরকী ও শাহনাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় সেখানে আবারও দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তখন পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
পুলিশ জানায়, নিয়ম অনুযায়ী, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে বাকাল ও রাজিহার ইউনিয়নে যে কোনো বিয়ে, সুন্নতে খাতনা ও শিশু ভূমিষ্ট হলে সেখানে গিয়ে টাকা নেবেন রিনা হিজড়ার দল। রত্নপুর, বাগধা ও গৈলা ইউনিয়নে অনুষ্ঠানের টাকা উত্তোলন করবে পায়েল হিজরার দল।
সকালে রিনা হিজড়ার নিয়ন্ত্রিত বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় পায়েল হিজড়ার দল যায়। তখন বাধা দেয় রিনা হিজড়ার দল। এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। এতে দুপক্ষের পাঁচজন আহত হয়। তাদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিকালের পর দুপক্ষ তাদের আশপাশের অনুসারীদের খবর দিয়ে হাসপাতালে নিয়ে আসে। তখন দুপক্ষ আবারো মুখোমুখি অবস্থান নেয়।
ওসি অলিউল ইসলাম বলেন, দুপক্ষকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পায়েল হিজড়া বলেন, “আগে ইউনিয়ন ভাগ করা থাকলেও ৫ অগাস্টের পর সেই ভাগ এখন আর কেউ মানে না। আমরা একটি অনুষ্ঠানে যাওয়ার পথে রিনা হিজড়ার দল আমাদের সঙ্গে থাকা বাদ্যযন্ত্র কেড়ে নিয়ে হামলা করে আহত করেছে।”
রিনা হিজড়া বলেন, “বাকাল ইউনিয়ন আমার নিয়ন্ত্রিত এলাকা। এখানে পায়েল হিজড়ার দল আসায় আমরা বাধা দিলে আমাদের উপর হামলা করেছে।”
