১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোট যাত্রায় চাপ নেই পাটুরিয়া ঘাটে

বুধবার সকালে ঘাট এলাকায় গিয়ে ফেরিগুলোকে যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 03:56 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

জাতীয় নির্বাচনের ভোট যাত্রা ঘিরে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে বর্তমানে তেমন কোনো চাপ নেই।

বুধবার সকালে ঘাট এলাকায় গিয়ে ফেরিগুলোকে যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ১৪টি ফেরি পারাপারের জন্য প্রস্তুত রয়েছে। তবে বর্তমানে যানবাহনের তেমন চাপ নেই।

ঘাট সংশ্লিষ্টরা বলছেন, ৩ ও ৫ নম্বর ঘাট দিয়ে নিয়মিত যানবাহন পারাপার চলছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কিছুটা চাপ থাকলেও ভোরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বিআইডব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, মঙ্গলবার রাতে মোটরসাইকেল চলাচল বন্ধ হওয়ার আগ পর্যন্ত ঘাট এলাকায় চাপ ছিল। বুধবার সকাল থেকে ফেরিগুলো যানবাহনের অপেক্ষায় রয়েছে।

রাজবাড়ীর পাংশা থেকে আসা যাত্রী সোহেল মিয়া বলেন, “প্রায় ২০ মিনিট ধরে বসে আছি। ফেরি পূর্ণ হলে দৌলতদিয়া প্রান্তে যাবো।”

বুধবার ভোরের পর থেকে বেচাকেনা কমে গেছে বলে ঘাট এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন।

পাটুরিয়া ঘাটের একটি হোটেলের কর্মচারী সোহাগ বলেন, “ভোর ৪টা পর্যন্ত বিক্রি ভালো ছিল। কিন্তু এরপর থেকে তেমন কোনো বিক্রি নেই।”

তবে সব মিলিয়ে ভোট যাত্রা উপলক্ষে আশঙ্কিত চাপ না থাকায় পাটুরিয়া ঘাটে স্বস্তির পরিবেশ বিরাজ করছে বলে জানান তিনি।