Published : 04 Oct 2025, 09:16 PM
টাঙ্গাইল সদর উপজেলার ধলেশ্বরী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তিন শিশু নিখোঁজ হয়েছে; যাদের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার দুপুরে উপজেলার চারাবাড়ি এলাকার এ ঘটনা ঘটে বলে জানান টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ।
নিহত মনিরা (১১) উপজেলার মাহমুদ নগরের মনিরুল ইসলামের মেয়ে। নিখোঁজ দুই শিশু হলো- একই এলাকার বোরহানের মেয়ে আছিয়া (১২) ও মাফিয়া (০৯)। তারা সম্পর্কে খালাতো বোন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন বলেন, দুপুরের দিকে মনিরা তার দুই খালাতো বোন আছিয়া ও মাফিয়াকে নিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা স্রোতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধারকাজ শুরু করে। খোঁজাখুঁজি এক পর্যায়ে সন্ধ্যায় মনিরার লাশ উদ্ধার করা হয়। তবে আছিয়া ও মাফিয়ার সন্ধান মেলেনি। রাত হওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
রোববার সকাল থেকে আবার উদ্ধার কাজ পরিচালনা করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ওসি তানভীর আহমেদ বলেন, শুক্রবার দুই শিশু খালার বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যায়। দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে তারা ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়।