১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জের লবণ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

“অসাবধানতাবশত একটি সিলিন্ডার হাত ফসকে নিচে পড়ে গেলে তা বিস্ফোরিত হয়।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 12:09 AM

Updated : 26 Aug 2026, 03:28 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লবণ তৈরির কারখানায় গ্যাস সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোনের ভেতরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সোনারগাঁও সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন।

নিহত মেহেদী হাসান (৪৫) উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ বলছে, তিনি ওই কারখানার দীর্ঘদিন ধরে লোড-আনলোড শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

পুলিশ পরিদর্শক জামাল বলেন, “বিস্ফোরণে নিহতের শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ওই শ্রমিক।”

ঘটনার বর্ণনায় তিনি বলেন, “লবণ তৈরির কারখানাটিতে গ্যাস সিলিন্ডার নামানোর কাজ করছিলেন মেহেদী হাসান। গাড়ি থেকে একজন নিচে সিলিন্ডার দিচ্ছিলেন এবং তা ধরে জড়ো করছিলেন মেহেদী। অসাবধানতাবশত একটি সিলিন্ডার হাত ফসকে নিচে পড়ে গেলে তা বিস্ফোরিত হয়।“

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পরিদর্শক বলেন, নিহতের স্বজনরা অপমৃত্যু মামলা করেছেন।