১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুরে আনসারুল্লাহ বাংলা টিমের ৩ জনের জেল-জরিমানা

আদালতের রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 02:23 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

রংপুরে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে আলাদা মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের জরিমানাও করা হয়েছে।

সোমবার দুপুরে রংপুর সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে ট্রাইব্যুনালের সহকারী পিপি রুহুল আমিন তালুকদার জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আনসারুল্লাহ বাংলা টিমের গ্রুপ প্রধান নগরীর কেরানীপাড়ার জাহিদ হাসান ওরফে আবু জায়েদ আল আনসার, মোবারক আলম এবং শাহ আলম। 

এর মধ্যে জাহিদকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড, মোবারক ও শাহ আলমের ৪ বছর করে কারাদণ্ড ও ৪ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সহকারী পিপি রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৭ সালের ৪ মে র‌্যাব-১৩ এর সদস্যরা জানতে পারেন, রাতে রংপুর নগরীর কেরানীপাড়ার আব্দুল্লাহর ছেলে জাহিদ হাসান ওরফে আবু জায়েদ আল আনসারের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কয়েকজন সদস্য নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য একত্রিত হয়েছেন। ওই রাতে জাহিদের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় জাহিদকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যান। 

অভিযানে র‌্যাব জাহিদের বাড়ি থেকে বোমা তৈরিতে ব্যবহৃত গান পাউডার, মোটরসাইকেলের বল-বিয়ারিং, পুরোনো ক্যাপাসিটর, স্কচটেপ, ইলেক্ট্রিকের তার, ব্যাটারি, মোবাইল ফোন জব্দ করে।  

এসব ঘটনায় র‌্যাব জাহিদ ও তার সহযোগীদের আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। 

পরে পলাতক আসামি মোবারক আলম এবং শাহ আলম গ্রেপ্তার হন।  

এদিকে, আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সহকারী পিপি রুহুল আমিন তালুকদার।

আসামি পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, “আসামিদের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা হবে।”