০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

গণতান্ত্রিক সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়: মিন্টু

ওয়ান ইলেভেনের সময়েও সংস্কারের জন্য অনেক আইন হয়েছিল। তবে সেগুলো পরে আর বাস্তবায়ন হয়নি,” বলেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2024, 09:44 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

গণতান্ত্রিক সরকার ছাড়া সাংবিধানিক সংস্কার সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু।

তিনি বলেছেন, “শুধু অন্তর্বর্তী সরকারই সংস্কার চায় না, সংস্কার আমাদেরও কর্মসূচি। অনেক সংস্কার দরকার। সেটি আমরাও মানি। আমরা সংস্কারে বাধা দিচ্ছি না।” 

শনিবার বিকালে জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় সভায় তিনি একথা বলেন।  

সংগঠনটির জেলার আহ্বায়ক মো. সেলিম রেজার সভাপতিত্বে  শহরের অম্বিকা মেমরিয়াল হলে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, “এর আগে ওয়ান ইলেভেনের সময়েও আমরা দেখেছি, সংস্কারের জন্য অনেক আইন হয়েছিল। তবে সেগুলো পরে আর বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, তারা একটি দিকনির্দেশনা দিক, পরে যারা ক্ষমতায় আসবেন, তারা যেন তা চালিয়ে যেতে পারেন।” 

তিনি বলেন, “আমরা কোনোভাবেই চাই না, বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক। তবে তারা যদি নিজেদের সফল করতে চান, তাহলে তাদেরও কিছু কর্তব্য আছে। তাদের পথ যেন লম্বা এবং অমসৃণ না হয়। 

“যতদ্রুত সম্ভব প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করে তারা একটি রোডম্যাপ দিক, কবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেবেন।” 

আব্দুল আওয়াল মিন্টু বলেন, “এক মাসের আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন ঘটেনি। গত ১৬ বছর ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অত্যাচারিত-নির্যাতিত হয়েছেন। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৬২ হাজার মামলা হয়েছে। দলের ৬২ হাজার নেতাকর্মী আসামি হয়েছেন।” 

প্রাথমিক বিজয় অর্জন হয়েছে দাবি করে তিনি বলেন, “দলের সবার প্রতি অনুরোধ, বিজয়ী ভেবে জনগণ থেকে যেন নিজেদের বিচ্ছিন্ন না করে ফেলি।” 

দলের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠান করানোই ছিল আমাদের লক্ষ্য। যতদিন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হয় ততদিন বিজয় আসবে না। যে লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচারিত হয়েছেন, তাদের সম্মান রক্ষার্থে যেনো বিজয় না আসা পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকে।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া ছাড়াও সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মাদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল।

আরও পড়ুন:

সংস্কার না করে নির্বাচন নয়: সিলেটে সারজিস আলম