১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নারীর মৃত্যু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নারীর মৃত্যু
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 06:58 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন।

সোমবার বিকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান।

নিহতের আনুমানিক বয়স ৩২ বছর। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, এক হাজার টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ঢাকামুখী আরাম পরিবহনের একটি বাস থেকে নেমে ওই নারী রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ছাড়া ওই নারীর কাছ থেকে পাওয়া সামগ্রী পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তবে তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান সফিকুল ইসলাম।