বিতর্কিত ভূমিকার কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাকরিচ্যুত
শাস্তিস্বরূপ বার্ষিক ইনক্রিমেন্ট বাতিলসহ তাকে এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিলো।
বিতর্কিত ভূমিকার কারণে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করার তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে শিক্ষক হাফিজুল ইসলামের বিরুদ্ধে বিতর্কিত নানা অভিযোগ উঠায় তার সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটি তদন্তে শিক্ষক হাফিজুলের বিরুদ্ধে অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় বিধিমালায় আচরণ ভঙ্গের কারণে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলে আদেশে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, হাফিজুল ইসলাম তার বিভাগের একাধিক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন। তার বিরুদ্ধে মানসিক নির্যাতন, ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি, নারী শিক্ষার্থীদের কুরুচি ভাষায় অপমান করা, পছন্দের শিক্ষার্থীকে বেশি নম্বর দেওয়ার মত নানা অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তার অপসারণ দাবি করেছিলেন।
এর ধারাবাহিকতায় হাফিজুল ইসলামকে প্রাথমিক সত্যতার ভিত্তিতে ২০২৪ সালের ২২ ডিসেম্বর ২৬৬তম সিন্ডিকেট সভায় শাস্তিস্বরূপ বার্ষিক ইনক্রিমেন্ট বাতিলসহ এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিলো।
২৮ জানুয়ারি শিক্ষক হাফিজুল ইসলামকে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচিও পালন করে।
