Published : 22 Aug 2026, 10:03 PM
বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ের খাদে আটকেপড়া একটি পুরুষ হাতি উদ্ধারের ভিডিও ছড়িয়েছে।
স্থানীয় সংবাদকর্মীরা বলছেন, উপজেলার সরই ইউনিয়নে গহিন জঙ্গলে রাবার বাগানের পাশে একটা বন্য হাতি পড়ে গিয়ে খাদে আটকে যায়।
বৃহস্পতিবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। শুক্রবার সকাল থেকে স্থানীয়রা হাতিটি দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেয়।
হাতিটি খাদ থেকে ওঠার বার বার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল। হাতিটি এক পাশে কাত হয়ে গিয়েছিল।
পরে বনবিভাগের সরই ক্যাম্পের লোকজন গিয়ে স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রথমেই খাদের পাশের শক্ত মাটি পানি ছিটিয়ে নরম করা হয়। পাশ থেকে কিছু মাটিও কেটে নেওয়া হয়।
এতে হাতিটি নড়াচড়ার সুযোগ তৈরি হয়। এভাবে চার-পাঁচ ঘণ্টার চেষ্টায় হাতিটিকে উদ্ধার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা বলেন।
এরপর প্রাথমিকভাবে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে হাতিটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
উদ্ধার কাজ শেষে বনবিভাগের সরই ক্যাম্পের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, প্রায় ২৫-৩০ জন মিলে হাতিটিকে উদ্ধার করা হয়েছে। হাতিটি সুস্থ আছে।