১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্টের মাধ্যমে ভর্তি শুরু

প্রথম দিন ভর্তির জন্য ‘এ’ ইউনিটের মেধাক্রম এক থেকে ৫০০ শিক্ষার্থীকে ডাকা হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 09:01 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া শুরু হয়েছে। তবে ভর্তি-ইচ্ছুকদের দিতে হচ্ছে ডোপ টেস্ট।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ভবনে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ভর্তির জন্য ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের মেধাক্রম এক থেকে ৫০০ শিক্ষার্থীকে ডাকা হয়।

ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম সাইফুল ইসলাম বলেন, “ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডোপ টেস্ট করে তাৎক্ষণিকভাবে ফলাফল দেওয়া হচ্ছে। 

“সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬০ শিক্ষার্থীর ডোপ টেস্ট করা হয়। তবে এর মধ্যে কারও ডোপ টেস্ট ফলাফল পজিটিভ আসেনি।”

তিনি বলেন, একজন শিক্ষার্থী শুধু পড়াশোনায় ভাল হলেই হবে না, তার নৈতিকতাও থাকতে হবে। ডোপ টেস্ট ছাড়া ভর্তি করালে অনেক মাদকাসক্ত শিক্ষার্থী ভর্তি হওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখা গেছে, পরে তার প্ররোচনায় অন্যরা মাদকে জড়িয়ে পড়ছে। এসব বিবেচনায় দেশে প্রথম ডোপ টেস্ট প্রচলন শুরু করে এ বিশ্ববিদ্যালয়।

সাইফুল ইসলাম বলেন, “কোনো শিক্ষার্থীর যদি ডোপ টেস্ট ফলাফল পজিটিভ আসে, আমরা তার অভিভাবকের মুচলেকা নিয়ে শর্তসাপেক্ষে ভর্তি নেই। ভর্তির পর ওই শিক্ষার্থীকে তিন থেকে ছয় মাসের মত অবজারভেশনে রাখা হয়। এর মধ্যে সে মাদক থেকে ফিরে না আসলে তার ভর্তি বাতিল করা হয়।”

ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ সেলিম বলেন, সকাল থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভর্তি কার্যক্রম চলছে। ভর্তি-ইচ্ছুদের সব প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে ভর্তি নেওয়া হচ্ছে।

“সকালে ভর্তির সময় একজন শিক্ষার্থী তার এইচএসসি মার্কশিট দেখাতে পারেননি। পরবর্তীতে তিনি থানায় জিডি করে এর কপি দেখান। তবে আমরা তার ভর্তি স্থগিত রেখেছি। 

“কারণ ওই শিক্ষার্থীর বিরুদ্ধে আরেকটা অভিযোগ পেয়েছি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেন। ১০ ফেব্রুয়ারির পর ভর্তি কমিটি তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

ডোপ টেস্টে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ সহায়তা করছে বলে জানান অধ্যাপক মোহাম্মদ সেলিম।

ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্যের মধ্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ লিখতে হয়। যাদের রক্তের গ্রুপ জানা নেই, তাদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’।

সঞ্চালনের সভাপতি রিফাত ইসলাম বলেন, “আজকে ভর্তিচ্ছুদের মধ্যে খুব একটা শিক্ষার্থী রক্ত গ্রুপ পরীক্ষা করেন নাই। এটা কম হওয়ার কারণ হতে পারে বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীরা স্বাস্থ্য বিষয়ে তুলনামূলক সচেতন থাকে।

“সোশ্যাল সায়েন্সের শিক্ষার্থীরা সাধারণত রক্তের গ্রুপ পরীক্ষা বেশি করে থাকে। কারণ তাদের আগে থেকে রক্তের গ্রুপ অনেকের জানা থাকে না।”

ঢাকা থেকে ভর্তি হতে আসা মাহির রাইয়ান বলেন, “আমার মেরিট ৩২৬। সিএসইতে (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার) ভর্তি হব। বুয়েটসহ বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমার মেরিট পজিশন ভাল। কিন্তু সিএসইতে পড়া আমার ড্রিম।”

এর আগে ২০১৯ সালে সর্ব প্রথম ডোপ টেস্টের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করে এ বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিসহ সপ্তমবারের মত ভর্তিতে ডোট টেস্ট প্রক্রিয়া চালু রেখেছে এ বিদ্যাপীঠ।

আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের মেধাক্রমে ৫০১ থেকে ৯৬০ পর্যন্ত শিক্ষার্থীকে ডাকা হয়েছে। এরপর রোববার ‘বি’ ইউনিটের বিজ্ঞান বিভাগের (মেধাক্রমে ১-২১৫) ও বাণিজ্য বিভাগের (মেধাক্রমে ১-৮২) শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

সবশেষ সোমবার ‘বি’ (মানবিক বিভাগ) ইউনিটের মেধাক্রমে ১ থেকে ২৮৪ পর্যন্ত শিক্ষার্থীকে ডাকা হয়েছে।