১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীর এমপি সিরাজুল নারায়ণগঞ্জে রিমান্ডে

তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ; শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 09:22 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নরসিংদীর সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদলত।

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামানের আদালত এ আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান।

গত জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নংরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও।  

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, “ফতুল্লা মডেল থানায় দায়ের করা মামলায় সিরাজুলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।”  

মামলার বরাতে বলা হয়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-নারায়ণঞ্জ সংযোগ সড়কে আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা হয়।

ওই সময় গুলিবিদ্ধ আহাম্মদ আলী পরে ২০ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন। সিরাজুল ইসলামও ওই মামলার আসামি।

এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সিরাজুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফতুল্লা মডেল থানার মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়।