১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

মধ্যরাতে মাছ ধরার এক পর্যায়ে সবার অগোচরে তিনি নদীতে পড়ে যান বলে ধারণা ফায়ার সার্ভিসের।

মানিকগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
মানিকগঞ্জের সিংগাইরে চান্দহর নদীতে নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 06:27 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চান্দহর নদীতে মাছ ধরতে নেমে এক জেলে নিখোঁজ হয়েছেন। নদীপাড়ে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন জেলের স্বজন ও এলাকাবাসী।

শুক্রবার রাত ২টার দিকে তিনি নিখোঁজ হলেও শনিবার বিকালে পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুর রহমান।

নিখোঁজ ভজন রাজবংশী (৫৫) উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের প্রয়াত ফকির চান রাজবংশীর ছেলে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ভজন অন্য জেলের সঙ্গে নদীতে মাছ ধরতে নামেন। তিনি উচ্চ রক্তচাপের রোগী হওয়ায় নিয়মিত ওষুধ সেবন করেন। অসুস্থতার কারণে কিংবা অসাবধানতাবশত তিনি সবার অগোচরে নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।

সকালে খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। অভিযানে স্থানীয়রাও অংশ নিয়েছেন। তবে বিকাল ৫টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মহিবুর রহমান বলেন, “স্থানীয়রা ঘটনাটি স্পষ্টভাবে বলতে পারছেন না। এতে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”