Published : 24 Apr 2026, 10:05 PM
নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় উপজেলা সদরের আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে পূর্বধলা থানার ওসি দিদারুল ইসলাম জানান।
তবে এ সময় সংসদ সদস্য গাড়িতে ছিলেন না।
পুলিশ জানায়, সন্ধ্যায় গিরিপথ ফিলিং স্টেশনে সংসদ সদস্যের প্রাইভেট কার নিয়ে চালক জ্বালানি তেল আনতে যান। এ সময় কে বা কারা এই গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলায় গাড়িটির কাচ ভেঙে যায়। ঘটনার পর পর হামলাকারীরা দ্রুত চলে যায়।
খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি দিদারুল।
এদিকে ঘটনার পর সংসদ সদস্য নিজের ফেইসবুক অ্যাকাউন্টে একটি প্রতিক্রিয়া জানিয়েছেন। তাতে তিনি এই হামলার জন্যে বিএনপি দলীয় নেতাকর্মীদের দায়ী করেছেন।
তবে সংসদ সদস্যের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের তালুকদার।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির এই প্রার্থী বলেন, “সংসদ সদস্যের গাড়ি যেখানে তেল আনতে গেছে সেখানে দুই থেকে আড়াইশ মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন ছিল। হয়ত সেখানে কোনো কারণে বিশৃঙ্খলা হয়েছে এবং তারপর হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
“এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত না। এই অভিযোগ ভিত্তিহীন।”