১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাম পাড়া নিয়ে বিরোধ, বন্ধুকে বাঁচাতে গিয়ে কিশোর নিহত

বন্ধুকে মারধরের কারণ জানতে গিয়ে ওই কিশোর পিটুনির শিকার হয় বলে জানান স্বজনরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 09:41 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

চাঁদপুর শহরে জাম পাড়া নিয়ে বিরোধে বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের যমুনা রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ।

নিহত মো. ইয়াছিন (১৪) ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে ১৭ বছরের এক কিশোরের সঙ্গে একই এলাকার শাহজাহান মালের ছেলে মো. মেহেদী হাসানের (১৪) বাগবিতণ্ডা হয়। এ নিয়ে মেহেদীকে মারধরের সময় ইয়াছিন এগিয়ে গেলে তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়।

ইয়াছিন লুটিয়ে পড়লে তাকে আরও কয়েকটি আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

মেহেদী হাসানের মা ইনুন নেছা বলেন, “মূলত আমার ছেলের সঙ্গে এক কিশোরের বিবাদ হয়। তাকে বাঁচাতে গিয়ে ইয়াছিন মারধরের শিকার হয়। তার আরেক ভাই পানিতে ডুবে মারা যায়। তারা খুবই নিরীহ পরিবারের সন্তান।”

ইয়াছিনের মৃত্যুর পরে তাকে অ্যাম্বুলেন্স করে বাড়িতে আনা হলে বিকালে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যায় পুলিশ।

ওসি ফয়েজ আহমেদ বলেন, এ ঘটনায় জড়িত সবাই কিশোর। ইয়াছিনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।