Published : 08 Sep 2026, 04:16 PM
নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে ফেরার সময় এক স্বর্ণকারকে হত্যা করে ছয় ভরি সোনা ও সাত লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার দুলালপাড়ায় স্বর্ণকারের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক।
নিহত অলিফ চন্দ্র দত্ত (৪৫) দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর বাজারের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন অলিফ।
রাত ৯টার দিকে বাড়ির সামনে পৌঁছানো মাত্রই ওৎ পেতে থাকা কয়েকজন পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে। এতে অলিফ মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা প্রায় ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
“তবে এটি কেবলই ছিনতাই নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি”, বলেন ওসি ফারুক।