Published : 01 Feb 2026, 01:31 PM
নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ করেছেন সরকারি চাকরিজীবীরা।
রোববার সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তারা।
সমাবেশে ঐক্য পরিষদের রংপুর বিভাগীয় জেলা সমন্বয়ক মাসুদ পারভেজ বলেন, গত ৭ বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলনের পরেও সরকার কর্মচারীদের দাবি আমলে নিচ্ছে না। গত ৫ ডিসেম্বর তারিখে লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশের পর আশা করা হয়েছিল ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ হবে, কিন্তু তা হয়নি।
২১ জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে কালক্ষেপণ করছেন।
সমাবেশে ঐক্য পরিষদের সদস্য মিঠু মিয়া, আব্দুর রশিদসহ সংহতি জানিয়ে বক্তৃতা রাখেন জোটভুক্ত ৩৫টিরও বেশি সংগঠনের নেতারা।

তারা বলেন, জ্বালানি উপদেষ্টা তার এক মন্তব্যে ‘বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।
চাকরিজীবীদের সাত দফার মধ্যে আছে, ২০১৫ সালের পে-স্কেলের গেজেটে হরণকৃত তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা রক্ষা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন এবং গ্রাচুইটির হার ৯০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ নির্ধারণের দাবি।
এসব দাবিতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী অবস্থান, বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভূখা মিছিল’ করার আল্টিমেটামও দেওয়া হয়েছে।