Published : 10 Jul 2026, 10:35 PM
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার উপদাখালি নদীর পানি বেড়ে বিপৎসীমা স্পর্শ করেছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, এ ছাড়া ধনু ও মগড়ার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে সোমেশ্বরী ও কংশ নদের পানি হ্রাস পাচ্ছে।
বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি বাড়ায় কলমাকান্দায় বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার তথ্য দিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, উপদাখালী নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁয়ে বইছে। খালিয়াজুরীতে ধনু নদীর পানিও বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৪৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আর আটপাড়ায় মগড়া নদীর পানি বেড়ে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।
জেলায় কয়েকটি নদীর পানি কমছেও। এর মধ্যে কংশ নদের পানি কমে জারিয়া পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৭৩ মিটার নিচে, সোমেশ্বরী নদীর পানি কমে বিজয়পুর পয়েন্টে বিপৎসীমার ২ দশমিক ৯২ মিটার নিচে এবং দুর্গাপুর পয়েন্টে বিপৎসীমার ৩ দশমিক ১৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।