২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে মাইলস্টোনের নিহত শিক্ষার্থী বহনকারী ফ্রিজার ভ্যান উল্টে আহত স্বজনরা

“তাদের শারীরিক অবস্থা গুরুতর ছিল না। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 02:36 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে।

লাশবাহী ফ্রিজার ভ্যান উল্টে নিহতের কয়েকজন আত্মীয় আহত হয়েছেন।

সোমবার রাত ২টার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় নাওজোড় হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের এসআই মো. সামিম জানান।

তিনি বলেন, “রাতে একটি লাশবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে তাদের টাঙ্গাইলে পাঠিয়ে দেয়।

“এতে ফ্রিজার ভ্যানে থাকা নিহতের স্বজনেরা আহত হয়েছেন।” 

নিহত মেহনাজ আফরিন হুমাইরা (৮) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং টাঙ্গাইলের সখিপুর থামার তেলিপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে ছিল।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হুমাইরা নিহত হয়। পরে স্বজনরা তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়। রাত ২টার দিকে গাড়িটি কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছলে মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। 

এ ঘটনায় ওই গাড়িতে থাকা নিহতের একাধিক স্বজন আহত হন। পাশেই সেনাবাহিনীর ক্যাম্প ছিল। সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। পরে আহতদের কালিয়াকৈরের তানহা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।   

হাসপাতালের অ্যাডমিন অফিসার মোশারফ হোসেন বলেন, “রাতে লাশবাহী ফ্রিজার ভ্যান উল্টে আহত অবস্থায় কয়েকজন এসেছিলেন। তবে তাদের শারীরিক অবস্থা গুরুতর ছিল না। প্রাথমিক চিকিৎসা নিয়ে ১০ মিনিটের মধ্যে চলে গেছেন তারা।”