চাঁদপুর-৩: প্রচারের মধ্যে ধানের শীষকে গণফোরাম প্রার্থীর সমর্থন
পর্যবেক্ষকদের মতে, গণফোরাম প্রার্থীর এই সমর্থন আসনটিতে বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়েছেন গণফোরামের প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর।
সোমবার রাতে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই সমর্থনের ঘোষণা দেন। সভায় বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকসহ দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেলিম আকবর বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য বৃহত্তর ঐক্য অপরিহার্য। সেই বিবেচনায় শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি গণফোরামের সব নেতা-কর্মী ও সমর্থকদের ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক গণফোরাম প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর ও তার দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এই সমর্থন চাঁদপুর-৩ আসনে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। সবাইকে সঙ্গে নিয়ে তিনি জনগণের ভোটাধিকার পুন:প্রতিষ্ঠায় কাজ করতে চান।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে এসে গণফোরাম প্রার্থীর এই সমর্থন আসনটিতে বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করবে।
