১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতে সাজা খেটে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

সন্ধ্যায় বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেছেন।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2024, 09:22 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

ভালো কাজের আশায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা বাংলাদেশি নয় যুবক সাজা খেটে দেশে ফিরেছেন।

শনিবার সন্ধ্যায় বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন তারা।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন।

ফেরত আসারা হলেন- সুজন ফকির (২৮), আব্দুল মোনাব (৩০), রেদোয়ান (২৫), নুর আলম (৩০), তাজির ইসলাম (২৮), শাহজাহান গাজী (৩৫), খাইরুল ইসলাম (২৯), সামাদ মিয়া (২৩) এবং শাহাদত হোসেন (৩৪)।

তাদের বাড়ি যশোর, নড়াইল, সুনামগঞ্জ, খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়। 

পরিদর্শক ইব্রাহিম হোসেন বলেন, ফেরত আসারা কাজের সন্ধানে দালালের মাধ্যমে চোরাইপথে সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে ক্ষেত খামারে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করে দেশটির পুলিশ।

পরে আদালত তাদের দেড় বছরের সাজা দেয়। সাজাভোগ শেষে বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তারা দেশে ফিরেছেন। 

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ইব্রাহিম হোসেন। 

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ নয়জনকে থানায় হস্তান্তর করেছে। পরে নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।