২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সোয়া কোটি টাকার ভারতীয় জিরাসহ কভার্ড ভ্যান জব্দ

জব্দ করা ছয় হাজার কেজি জিরা ও কভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দিয়েছে বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 06:58 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে সোয়া কোটি টাকা মূল্যের ছয় হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি কভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার আমতলী এলাকায় অভিযান চালায় বিজিবি ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল। এ সময় সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি কভার্ড ভ্যান আটক করা হয়। 

পরে কভার্ড ভ্যান তল্লাশি করে ছয় হাজার কেজি ভারতীয় জিরা পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

জব্দ করা জিরা এবং কভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।