Published : 15 Jul 2026, 05:56 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাত হাজার ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।
গ্রেপ্তার মরিয়ম বেগম (৩৬) উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী।
নাজমুল হক বলেন, চট্টগ্রাম থেকে কেন্দুয়াগামী যাত্রীবাহী একটি বাসে বিপুল ইয়াবার চালান আনার খবর পেয়ে আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে আসা ‘আশেকানে হাওলাপুরী’ নামের একটি বাস আটক করা হয়।
পরে বাসে তল্লাশি চালিয়ে মরিয়মের কাছে পাওয়া দুটি প্যাকেট থেকে সাত হাজার ইয়াবা উদ্দার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং তিন হাজার টাকা জব্দ করা হয়।
তিনি দাবি করেন, “মরিয়ম ও তার স্বামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মরিয়ম চট্টগ্রাম থেকে ইয়াবার বড় চালান এনে স্বামীর সহযোগিতায় এলাকায় বিক্রি করতেন।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে মরিয়ম বেগমের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা নাজমুল হক বলেন, মরিয়মকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা তৎপর রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।