১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে মধ্যরাতে শিশুকে সাপের কামড়, সকালে হাসপাতালে মৃত্যু

খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানান স্বজনরা।

যশোরে মধ্যরাতে শিশুকে সাপের কামড়, সকালে হাসপাতালে মৃত্যু
যশোরের শার্শায় সাপের কামড়ে মারা যাওয়া শিশুটির বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভিড়।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2024, 03:12 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

যশোরের শার্শা উপজেলায় বিষধর সাপের কামড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজা খাতুন।

শুক্রবার মধ্যরাতে উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নিজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম রেজা বিপুল।

নিহত প্রান্তি খাতুন ওই গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার ছোট মেয়ে। সে স্থানীয় এস এম গাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বলেন, “রাত ১২টার দিকে প্রান্তি ঘরে খাটের কাছে বসা ছিল। এ সময় তার হাতে একটি সাপ কামড় দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে যান।”

হাতের ক্ষতস্থানের ওপর বেঁধে রাতেই তাকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিলে সকালে মারা যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।

চিকিৎসক মাহফুজা খাতুন বলেন, “সাপে কামড়ানো রোগীর চিকিৎসা আগে এখানে ছিল না। বর্তমানে দুটি রোগীর চিকিৎসা ব্যবস্থা আছে। তবে ওই শিশুটির অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।”

সেলিম রেজা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।