পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী বাজার প্লাবিত
“ঝিনাইগাতী বাজারের ড্রেনের সঙ্গে মহারশী নদীর সংযোগ থাকার কারণে সকালে পানি ওঠে। এখন তা কমতে শুরু করেছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি তীর উপচে প্রবাহিত হচ্ছে। এতে আকস্মিক বন্যার সম্ভাবনার কথা বলছেন এলাকাবাসী।
শনিবার সকাল থেকে নদীর পানি ঝিনাইগাতী বাজারে প্রবেশ করেছে। এতে বাজারের অনেক দোকানপাটে পানি প্রবেশ করে দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। সেইসঙ্গে ঢলের পানি প্রবল বেগে নিম্নাঞ্চলে প্রবেশ করছে।
আকস্মিক এই ঢলের উপজেলার অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। তবে ঢলের পানির কারণে ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এদিন দুপুরে ঝিনাইগাতী উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন বলেন, সকালের দিকে পাহাড়ি ঢলের চাপ বেশি থাকলেও এখন কমতে শুরু করেছে।
“ঝিনাইগাতী বাজারের ড্রেনের সঙ্গে মহারশী নদীর সংযোগ থাকার কারণে সকালে পানি ওঠে। এখন তা কমতে শুরু করেছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই”, বলেন তিনি।
তবে ঢলের পানির চাপে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ইউএনও।
ঝিনাইগাতী উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা নাদরুজ্জামান ইমন বলেন, সকালে মহারশি নদীর দক্ষিণাংশের তীর উপচে প্রবল বেগে ঢলের পানি প্রবাহিত হচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা অনেকটাই কমে গেছে।
তবে ঢলের পানিতে মহারাশি বাঁধের যে অংশের কাজ চলমান ছিল তার কোনও ক্ষতি হয়নি বলে জানান তিনি।
