১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে মাদক সেবনের সময় কনস্টেবলসহ আটক ৪, মামলা

ওসি বলেন, “অপকর্ম বা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 12:59 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

নরসিংদীর বেলাবতে মাদকসেবনের সময় পুলিশের এক কনস্টেবলসহ চারজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। 

সোমবার রাতে উপজেলা সদরের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলে জানিয়েছেন বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ। 

মামলায় আটকদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন, বেলাব থানার কনস্টেবল পদে কর্মরত শামসুল ইসলাম, বেলাব মাটিয়াল পাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মো. আতস আলীর ছেলে রকি (২৮) ও মৃত মজনু মিয়ার ছেলে মো. বাদল (৩৭)।

ওসি আমান উল্লাহ বলেন, সোমবার রাতে একটি বাগানবাড়িতে ‘মাদক কারবারিদের সঙ্গে পুলিশ সদস্যও সেবন করার বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে। পরে তারা মাদকসেবীদের হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। 

ওসি আরও বলেন, “অপকর্ম বা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

এর আগে ২৭ এপ্রিল উপজেলার খামারের চর এলাকা বেলাব থানায় কর্মরত পুলিশ কনস্টেবল জীবন মিয়াকে ৫০০ ইয়াবাসহ আটক করা হয়েছিল।