১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে তালাবদ্ধ ঘরে গৃহবধূর পোড়া লাশ, স্বামীসহ আটক ২

তালাবদ্ধ কক্ষটি থেকে তীব্র পোড়া গন্ধ বের হওয়ায় আশপাশের বাসিন্দাদের সন্দেহ হলে টিনের বেড়া কেটে তারা ঘরে প্রবেশ করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 11:45 AM

Updated : 26 Aug 2026, 03:40 PM

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে তালাবদ্ধ ঘর থেকে এক গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীসহ দুজনকে আটক করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় কোনাবাড়ী থানাধীন নতুন বাজার (নিউমার্কেট) এলাকার মো. রাজু মিয়ার টিনশেড কলোনিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন। 

নিহত ফারজানা আক্তার (১৮) রাজধানীর মিরপুরের বিহারি পট্টি এলাকার বাসিন্দা আইয়ূব আলীর মেয়ে। তিনি স্বামী মো. বাবুর (৩৫) সঙ্গে কোনাবাড়ীর ওই বাসায় ভাড়া থাকতেন।

ঘটনার পর বাবু ও বাড়ির কেয়ারটেকার রোমানকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে তালাবদ্ধ কক্ষটি থেকে তীব্র পোড়া গন্ধ বের হতে থাকে। পরে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হলে টিনের বেড়া কেটে তারা ঘরে প্রবেশ করলে মেঝেতে ফারজানা আক্তারের পোড়া মরদেহ পড়ে থাকতে দেখেন।

এ সময় স্থানীয় এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে কেরোসিন তেলের একটি বোতলও উদ্ধার করেছে।

পরে নিহতের স্বামী বাবু দাবি করেন, সন্ধ্যায় তিনি স্ত্রীকে ঘরে রেখে দরজায় তালা দিয়ে কোনাবাড়ী বাজারে যান। কিছুক্ষণ পর খবর পান, তার স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে।

তিনি বলেন, বাড়ির কেয়ারটেকার রোমানের সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক চলছে। তাই তিনি ঘরে তালা দিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দাম্পত্য কলহ নিয়ে প্রায়ই ওই বাসা থেকে ঝগড়াঝাঁটির শব্দ শোনা যেত। এ কারণে ঘটনাটি নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

ওসি মো. ইফতেখার হোসেন বলেন, গৃহবধূর পোড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। 

তিনি আরও বলেন, ঘটনাটির পেছনে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের স্বামী ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।