০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ছাদ থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ছাদে থেকে রড নামানোর সময় একটি রড ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইন স্পর্শ করলে দুই শ্রমিক নিচে ছিটকে পড়েন।

বিডিনিউজ২৪

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 05:57 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার দুপুর সোয়া ২টার দিকে ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ। 

নিহতরা হলেন- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রতনের ছেলে জিসান (১৮) এবং ত্রিশাল উপজেলার বিরামপুর ভাটিপাড়া এলাকার প্রয়াত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।

ঠিকাদার হাসান বলেন, ভবনের ছাদে কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়। তিনি শ্রমিকদের রডগুলো সিঁড়ি দিয়ে নামিয়ে আনতে নির্দেশ দেন। তবে একজন শ্রমিক সিঁড়ি ব্যবহার না করে ছাদের পাশ দিয়ে রড নামানোর চেষ্টা করেন। 

এ সময় লম্বা একটি রড ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে থাকা দুই শ্রমিক নিচে পড়ে আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ভবনের মালিক আল আমিন বলেন, “নির্মাণকাজের দায়িত্ব ঠিকাদারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার সময় আমরা কেউ সেখানে ছিলাম না। ছাদে রাখা রড সিঁড়ি দিয়ে নামানোর জন্য ঠিকাদার ও শ্রমিকদের আগেই নির্দেশ দেওয়া হয়েছিল।

“পরে ফোনে জানতে পারি, রড নামানোর সময় দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে নিচে পড়ে মারা গেছেন।”

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমতিয়াজ মাহমুদ বলেন, “হাসপাতালে পৌঁছে দেখি ওই দুইজনের মৃত্যুসনদ প্রস্তুতের কার্যক্রম চলছিল। লাশ পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে মনে হয়েছে, তারা বহুতল ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। 

“অতিরিক্ত রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে বলে মনে হয়। স্বজনদের কাছ থেকেও জানতে পেরেছি, কাজ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা নিচে পড়ে যান।”

ওসি মনসুর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।