ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
সন্ধ্যা সোয়া ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।
তিনি বলেন, সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়ছে। সোয়া ৭টার সময় নদী পথ অস্পষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।
আরেক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “মাঝ নদীতে কোনো ফেরি আটকে আছে কি-না জানা নেই। তবে ঘাট এলাকায় কোনো যানবাহন পারাপারের অপেক্ষায় নেই।”
