Published : 17 Aug 2024, 05:48 PM
ঢাকার সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো মসজিদ মার্কেটের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই রাজীব শিকদার।
নিহত রমজান আলী (৩৫) ওই এলাকার মো. শওকত হোসেনের ছেলে।
রমজানের স্ত্রী সোহানা আক্তার বলেন, “খেয়াঘাট এলাকায় আমাদের ১৮ শতাংশ জমি রয়েছে। দুপুরে সেই জমি দখলের জন্য যায় স্থানীয় রহিম, ইউনুস, ইয়ানুস, মানিকসহ অন্তত ৮-১০ জন। খবর পেয়ে আমার স্বামী তার ভগ্নিপতি সেলিমকে নিয়ে জমিতে যান।
“জমিতে যাওয়া মাত্র লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে দখলদাররা। এ সময় সেলিম ঘটনাস্থল থেকে পালাতে পারলেও আমার স্বামীর মাথায় কুপিয়ে মারাত্মকভাবে আহত করে তারা। ”
তিনি আরও অভিযোগ করেন, “খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য চেষ্টা করি। এ সময় রাস্তায় আমাদের গতিরোধ করে আবারও পরিবারের সদস্যদের পেটানোর চেষ্টা করেন দখলদাররা।
“তখন কোনোমতে আমরা জান বাঁচিয়ে দীর্ঘসময় পর আমার স্বামীকে সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা আমার স্বামীকে সময়মত হাসপাতালেও নিতে দেয়নি।”
এসআই রাজীব শিকদার বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।