গাইবান্ধায় হামলায় আহত ব্যবসায়ীর হাসপাতালে মৃত্যু
মঙ্গলবার রাতে নুরুন্নবী মিয়া নিজ বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা পিছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অজ্ঞাত ব্যক্তিদেরে হামলায় গুরুতর আহত এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার রাতে হামলায় আহত ওই ব্যবসায়ী রোববার দুপুরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার।
নিহত ৩৫ বছর বয়সী নুরুন্নবী মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে ও মিরপুর বাজারের ব্যবসায়ী ছিলেন।
ওসি তাজউদ্দিন বলেন, মঙ্গলবার রাতে নুরুন্নবী মিয়া দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তিনি মিরপুর এলাকায় নিজ বাড়ি সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা পিছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তিনি মারা যান।
নিহতের লাশ ময়নাদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
