Published : 04 Apr 2026, 11:09 PM
বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, “অনেক দেশে দ্বিগুণ পর্যন্ত বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভারতসহ সব জায়গায় তেলের দাম প্রচুর বেড়েছে।
“কিন্তু বাংলাদেশে জ্বালানির দাম এখনো বাড়েনি। এটা বর্তমান সরকারের সফলতা। আমরা চেষ্টা করছি, সব পর্যায়ের জনগণ যাতে ভালো থাকতে পারে। যুদ্ধের সময় যেন তাদের কোনো সমস্যা না হয়।”
শনিবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “বিএনপি দায়িত্ব নেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। এতে প্রভাবিত হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমাদের প্রবাসীরা। যুদ্ধের কারণে আমাদের দেশের অর্থনীতি ও অন্যান্য দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে যাতে থাকে সেজন্য বর্তমান সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।”
এ সময় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “এর আগেও আমি এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। তখনও দেখেছি এর অবস্থা করুণ। আজকে দেখে, আমি অত্যন্ত ব্যথিত। মানদণ্ডের দিক দিয়ে এটি কোনো পর্যায়ে পড়ে না। এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল নেই।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ।