দিনাজপুরে ভারতে থেকে ‘অনুপ্রবেশের’ অভিযোগে যুবক আটক
ছয় মাস আগে মিজানুর বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন বলে জানায় বিজিবি।
ভারত থেকে ‘অনুপ্রবেশের’ অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সীমান্ত পিলারের ফকিরপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয় বলে জানান বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফুল ইসলাম।
আটক মিজানুর রহমান (২৯) বিরল উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের ইসরাইল আলীর ছেলে।
বিজিবির আশরাফুল ইসলাম জানান, মিজানুর ছয় মাস আগে দালালের মাধ্যমে বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে তার আত্মীয়ের বাড়িতে যান।
শনিবার দেশে ফেরার জন্য হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় বিজিবি সদস্যরা তাকে আটক করেন বলে জানান তিনি।
মিজানুরের বিরুদ্ধে মামলা দিয়ে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
