বহিরাগতদের হামলা: লাল কাপড় বেঁধে বাকৃবি শিক্ষার্থীদের মিছিল
এদিকে বহিরাগতদের হামলার ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করেছে প্রশাসন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশাসনিক ভবনের সামনের তারা চোখেও লাল কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করেন। সেখান থেকে তারা পূর্বঘোষিত ছয় দফা বাস্তবায়নের দাবি জানান।
এদিকে বহিরাগতদের হামলার ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করেছে প্রশাসন।
ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি সমন্বিত বা কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে ২৫১ শিক্ষক-কর্মকর্তাকে রোববার দিনভর অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা করে তালা ভেঙে শিক্ষকদের বের হতে সহযোগিতা করেন।
এরপর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওইদিন রাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ছাত্র-ছাত্রীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
তবে বেশিরভাগ শিক্ষার্থী হল ত্যাগ না বহিরাগতদের হামলার বিচার, একক কম্বাইন্ড ডিগ্রি চালু, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার দাবিতে আন্দোলনে নামেন। এ সময় রেলপথ অবরোধ, প্রশাসনিক ভবন, ব্যাংক এবং কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘ পাঁচ ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহার এবং এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আশ্বাসে বুধবার সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল। কিন্তু সেই সভা আর হয়নি।
আন্দোলনের ধারাবাহিকতায় ছয় দফা দাবিতে মৌন মিছিল করা হয়েছে জানিয়ে পশুপালন অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, “যৌক্তিক দাবি আদায় করতে গিয়ে বহিরাগতের দ্বারা হামলার শিকার হয়েছি। যার জন্য স্যাররা দায়ী। যার ফলে এর বিচার হবে কি না শঙ্কিত।
“তাই চোখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করছি। হামলার বিচারসহ ছয় দফা দাবি বাস্তবায়ন হলে আন্দোলন চালিয়ে যাব।”
আরেক শিক্ষার্থী ফারিসা হক নিঝুম বলেন, “আইন অন্ধ, তাই চোখে কাপড় বেঁধে আন্দোলন করছি। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহারসহ শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
চলমান আন্দোলন, সংকট সমাধান নিয়ে প্রক্টর অধ্যাপক আব্দুল আলীম বলেন, “এসব বিষয় নিয়ে মিডিয়ায় আমি আর আসতে চাই না। সহকারী দুইজন প্রক্টর রয়েছেন তারাই কথা বলবেন।”
সহকারী প্রক্টর সোনিয়া সোহেলী বলেন, “আজকে ছাত্ররা মিছিল-মিটিং করছে শুনেছি; কিন্তু বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব যেহেতু স্থানীয় প্রশাসনের হাতে সেই কারণে মিছিল-মিটিং করা ঠিক হয়নি।
“গতকাল সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল কিন্তু ছাত্রদের অসহযোগিতার কারণে সেটি হয়নি। আমরা সমাধানের পথে হাঁটছি। এখন ছাত্ররা আমাদের সঙ্গে বসতে চাচ্ছে। হয়তো আগামীকাল শুক্রবার বসার সম্ভাবনা রয়েছে। তাদের দাবি-দাওয়ার বিষয়গুলো লিখত আকারে নিয়ে সিন্ডিকেট আহ্বান করা হবে।”
