১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

গ্রেপ্তার নাজমা বেগম ওই এলাকারই বাসিন্দা এবং সবুজ খানের শ্যালিকা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 06:14 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

খুলনা নগরীর খালিশপুরে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার এক নিকটাত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে খালিশপুর হাউজিং বাজারের বক্কর বস্তি এলাকায় এ ঘটনা ঘটে বলে খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান। 

নিহত সবুজ খান (৫৫) নগরীর বায়তুল ফালাহ এলাকায় ভাঙারির ব্যবসা করতেন।

গ্রেপ্তার নাজমা বেগম ওই এলাকারই বাসিন্দা এবং সবুজ খানের শ্যালিকা। 

পুলিশ জানায়, সকালে বাজারে যাওয়ার পথে বক্কর বস্তি এলাকায় কয়েকজন সবুজ খানের পথরোধ করে। তারাই তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সবুজ খানের জামাতা মোহাম্মদ বাবু বলেন, “স্থানীয় মাদক ও মামলাবাজ একটি গ্রুপের বিরুদ্ধে ৫ অক্টোবর খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছিল। তারাই সকালে আমার শ্বশুর বাজারে যাওয়ার সময় বক্কর বস্তি এলাকায় তার পথ আটকে দেয়। এ সময় ছয়-সাতজন তাকে কুপিয়ে হত্যা করে।”

খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।