১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দিনাজপুরে দাওয়াত খেতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন মা-মেয়ে

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে তারা মারা যান বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 04:58 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

দাওয়াত খেতে স্বামী ও মেয়েকে নিয়ে হাসিমুখে বাড়ি থেকে বেরিয়েছিলেন সম্পা বেগম। কিন্তু আত্মীয়ের বাড়িতে পৌঁছানোর আগেই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম। 

নিহতরা হলেন- সম্পা বেগম (৩৫) ও তার ৯ বছরের মেয়ে নুছাইফা আক্তার। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক শম্পার স্বামী সেলিম সরকার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। 

এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন সম্পা ও নুছাইফা। আর ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। 

ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দায়ী ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।