২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টঙ্গীতে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পুলিশ জানায়, শুক্রবার রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী রিপনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিথি।

টঙ্গীতে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2024, 02:32 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

গাজীপুরের টঙ্গীতে নিজ ঘরে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেটের পাগল এলাকায় এই ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান।

নিহতের দুলালী রানী বিথি (২১) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পূর্ব বেলগাঁও গ্রামের মানিক চন্দ্র মহন্তের মেয়ে। তিনি ওই এলাকায় স্বামী রিপন মহন্তর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, বিথি টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। শুক্রবার রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী রিপনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিথি। এরপর রাত পৌনে ১১টার দিকে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। 

“বিথিকে ডাকাডাকি করলে ঘরের ভেতর থেকে সাড়া না পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন রিপন। পরে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় বিথিকে দেখতে পান।” 

মোস্তাফিজুর রহমান বলে, তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা মৃত ঘোষণা করেন। 

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে বলে জানান ওসি।