পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় নিহত ৩
ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে চড়ে নিজ এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
পাবনার সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষি শ্রমিক নিহত ও পাঁচ জন আহত হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ।
নিহতরা হলেন- সাথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দোহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।
পুলিশ কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে চড়ে নিজ এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় সাঁথিয়াগামী একটি মালবাহী ট্রাক করিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। আহত হন আরও পাঁচজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
