১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার পথ ধরে প্রতিহিংসার রাজনীতি পরিহার করব: সাকি

বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়ন করার কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের প্রার্থী।

খালেদা জিয়ার পথ ধরে প্রতিহিংসার রাজনীতি পরিহার করব: সাকি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোয়া মাহফিলে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 06:27 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পথ ধরে প্রতিহিংসার রাজনীতি পরিহার করার কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

বিএনপি জোটের এ প্রার্থী বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বেগম খালেদা জিয়া যে দিশা আমাদের সামনে রেখে গেছেন, সেই পথ ধরেই আমরা প্রতিহিংসার রাজনীতি পরিহার করব।

“ন্যায়বিচার প্রতিষ্ঠা করব এবং সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করব। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিশুদের বিকাশ ও বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

এ সময় জোনায়েদ সাকি বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়ন করার কথা বলেছেন।

বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মুসা।

বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসার পরিচালনায় এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এইচ জেট শুকরি সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ এবং সাবেক আহ্বায়ক মুজিব উপস্থিত ছিলেন।