১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এআই দিয়ে জাইমা রহমানের সঙ্গে ছবি, পঞ্চগড়ে কলেজছাত্র কারাগারে

চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সম্রাট বাদী হয়ে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 08:18 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে ফেইসবুকে পোস্ট ও তীর্যক মন্তব্য লেখার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জে এক কলেজছাত্রকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার শাকিল আহমেদ (২২) নামে ওই শিক্ষার্থীকে পঞ্চগড়ের হাকিম আদালতে (দেবীগঞ্জ) হাজির করা হলে বিচারক মো. মোস্তাকিম ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, বুধবার বিকালে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি বলেন, “ফেইসবুক পোস্টটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।”

শাকিল ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ‘ছোট বাবু আহমেদ’ নামে একটি ফেইসবুক অ্যাকাউন্ট চালান।

পুলিশ জানায়, মঙ্গলবার শাকিল তার ফেইসবুক আইডিতে এআই প্রযুক্তি ব্যবহার করে জাইমার সঙ্গে তার একটি ছবি যুক্ত করে পোস্ট দেন। সেখানে তিনি তীর্যক মন্তব্যও করেন। পরে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে জানান।

পরে দেবীগঞ্জ থানার এসআই ফারুকসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ঘটনায় চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সম্রাট বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।