১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেতুর ওপর গল্প করছিলেন ৩ জন, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল একজনের

ফরিদপুরের ভাঙা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের খালের সেতুর ওপর এ ঘটনা ঘটেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 03:54 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

ফরিদপুরের ভাঙায় ‘পূর্ব শত্রুতার জেরে’ প্রতিপক্ষের হামলায় এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের খালের সেতুর ওপর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন। 

নিহত ইয়াছিন খালাসি (১৯) থানমাত্তা গ্রামের কৃষক জাহাঙ্গীর খালাসীর পুত্র। 

আহত হয়েছেন একই গ্রামের রায়হান শেখ (২৪) ও এলাকায় বেড়াতে আসা মাদারীপুরের রাজৈর উপজেলার মাঝিকান্দা গ্রামের শাকিব মাতুব্বর (১৬)। 

ওসি আশরাফ বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইয়াছিন, রায়হান ও শাকিব থানমাত্তা গ্রামের খালের ব্রিজের উপর বসে গল্প করছিল। এর মধ্যে ৭-৮ জন তরুণ ও কিশোর ধারালো অস্ত্র নিয়ে এসে ইয়াছিনসহ তিনজনকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারী তরুণ-কিশোররা পালিয়ে যায়। 

পরে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তবে রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন স্বজনরা। কিন্তু পথেই ইয়াছিন খালাসির মৃত্যু হয়। 

আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান হাওলাদার বলেন, “আমার ইউনিয়নের থানমাত্তা গ্রামের দুই জনসহ তিনজনকে রাতের আধারে কুপিয়ে জখম করা হয়েছে। এরমধ্যে একজন মারা গিয়েছে।” 

ওসি আশরাফ হোসেন বলেন, “প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।