১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে বজ্রপাতে প্রাণ গেল ইটভাটা শ্রমিকের

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 05:14 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

নাটোরের লালপুর উপজেলায় ইট ভাটায় কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই নারী শ্রমিক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজীপুর এলাকায় ‘সুপার ইটভাটায়’ এ ঘটনা ঘটে বলে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান।  

নিহত ৬০ বছর বয়সী এসকেন আলী ভোলা লালপুরের বালিতিতা এলাকার আদুর ছেলে।

আহত নারী শ্রমিকরা হলেন- শাপলা খাতুন ও সুফিয়া খাতুন। তারা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে ওসি শফিকুল ইসলাম বলেন, “সকাল থেকেই আকাশে মেঘ ছিল। বৃষ্টি না হয়ে শুধু মেঘ থাকায় সিরাজীপুর সুপার ইট ভাটায় এসকেন আলী ভোলাসহ অন্যান্য শ্রমিকেরা কাজ করছিলেন।

“হঠাৎ বজ্রপাতে কাজের সময় গুরুতর আহত হন ভোলা এবং দুই নারী শ্রমিক।”

ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসকেন আলী মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।  

তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।